গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সহ দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাণ্ডব চালানোর সেই দৃশ্য আবার নিজেদের ফেসবুক আইডিতে প্রকাশ করে ছড়িয়ে দিয়েছে অভিযুক্তরা।
শনিবার (২৪ অক্টোবর ) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এই সহিংস ঘটনার সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ওই ভিডিওচিত্রটিতে দেখা যায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক দিক থেকে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে একটি ঝটিকা মিছিল খেয়াঘাট এলাকার দিকে অগ্রসর হয়। মিছিলকারীরা অতর্কিতভাবে সেখানে কর্তব্যরত পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালায় এবং এলোপাতাড়ি ভাঙচুর করে।
হামলাকারীদের আক্রোশ থেকে রক্ষা পাননি দায়িত্বে থাকা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া এবং তাঁর সঙ্গে থাকা এক পুলিশ কনস্টেবল। তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে শারীরিক আক্রমণ করা হয়।
খবর পাওয়ার পরপরই গোপালগঞ্জ জেলা পুলিশ ও সদর থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ বলসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার পর থেকে পুরো রঘুনাথপুর ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ডিআর




Comments