নান্দাইলে আগাম আমনের ভালো ফলন, একই জমিতে সরিষা চাষের প্রস্তুতি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ফলন ভালো হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। ধান কাটার পর একই জমিতে সরিষা চাষের পরিকল্পনা করছেন অনেকে। এতে এক জমিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে বাড়তি লাভের আশা করছেন তাঁরা।
উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামের কৃষক আব্দুস সালাম, সাত্তার ও আব্দুল হেকিমসহ অনেকে এ বছর আগাম জাতের ব্রি ধান-৭১ ও ব্রি ধান-৭৫ চাষ করেছেন। তাঁরা জানান, এ বছর আগাম জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন। ধান কাটার পর জমিতে সরিষা চাষ করবেন তাঁরা। সরিষা চাষেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে।
কৃষকদের মতে, আগাম আমন ধান চাষের অন্যতম সুবিধা হলো নির্ধারিত সময়ের আগেই ধান কেটে জমি পরবর্তী ফসলের জন্য প্রস্তুত করা যায়। এতে সরিষা চাষের পাশাপাশি পরবর্তী বোরো মৌসুমে ধান রোপণের জন্যও জমি সময়মতো প্রস্তুত করা সম্ভব হয়। ফলে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে বাড়তি আয় করা যায়।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ইতোমধ্যে কৃষকরা আগাম জাতের আমন ধান কাটা শুরু করেছেন। উপজেলা কৃষি অফিসের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পরামর্শের ফলে এ জাতের ধানে ভালো ফলন পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, আগাম আমন ধান কাটার পর জমিতে সরিষা চাষ করা যায়। পাশাপাশি পরবর্তী বোরো মৌসুমের জন্যও জমি সময়মতো প্রস্তুত করা সম্ভব হয়। এতে কৃষকরা একই জমিতে একাধিক ফসল উৎপাদনের সুযোগ পান।
এনএ




Comments