Image description

শুধু চাকরির পেছনে না ছুটে আগামী দিনে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিতব্য ‘জব ফেয়ার-২০২৬’-এর প্রস্তুতি ও বিভিন্ন স্টল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এলাকার যেসব তরুণ-তরুণী লেখাপড়া শেষ করে চাকরির প্রত্যাশা করছেন, তাঁদের কর্মজীবন গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করতে হবে। বর্তমান ও ভবিষ্যতের অর্থনৈতিক বাস্তবতায় তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা জরুরি। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তরুণদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ব্যবসা শুরু করতে আর্থিকভাবে অসচ্ছলদের জন্য সিড মানি এবং বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা রেখেছে।

তরুণ প্রজন্মকে দক্ষ ও শিক্ষিত মানবসম্পদে পরিণত করা গেলে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। একই সঙ্গে তরুণদের মেধা ও শক্তির যথাযথ বিকাশ নিশ্চিত করতে মাদকসহ সব ধরনের নেতিবাচক অভ্যাস থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, এই চাকরি মেলার মাধ্যমে দিনাজপুরের পিছিয়ে পড়া এলাকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ‘জব ফেয়ার-২০২৬’-এ অংশ নিতে ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় প্রায় ৮১টি প্রতিষ্ঠান নিবন্ধন করেছে। এ ছাড়া প্রায় ২৫ হাজার চাকরিপ্রার্থী তরুণ-তরুণী মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাঁরা এখনো নিবন্ধন করতে পারেননি, তাঁরাও মেলায় উপস্থিত হয়ে নিবন্ধনের সুযোগ পাবেন।

চাকরি মেলায় সেমিনার আয়োজনের জন্য পৃথক কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম, উৎপাদিত পণ্য ও বাজারজাতকরণ প্রক্রিয়া তুলে ধরবে। পাশাপাশি অন্য একটি কক্ষে কর্মজীবনে সফল ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের নানা দিক তুলে ধরবেন।

মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করা হয়েছে। এ আয়োজনে হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তারাও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এসএ