পুঠিয়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও জড়িত খুনিদের ফাঁসির দাবিতে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দলের উপজেলা আমীর মাওলানা মুনজুর রহমানের সভাপতিত্বে মিছিলটি পুঠিয়া উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা আহমাদুল্লাহ। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে জামায়াত ও শিবিরের ছয়জন নেতাকর্মীকে লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, সেই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টনের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অতি দ্রুত ওই দিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচি ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নেন।
ডিআর




Comments