সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর সুনাম এবার প্রশংসা কুড়াল নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের। দুই শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগর ভবনে সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র মিস শার্লট বেকম্যান ফিনস্ট্যাড (Ms. Charlotte Beckmann Finnestad)। এ সময় দুই শহরের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নগর উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র রাজশাহীর সবুজ ও পরিচ্ছন্ন নগরীর প্রশংসা করেন। পাশাপাশি দুই শহরের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে কার্যক্রম, তথ্যপ্রযুক্তি, এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই শহর ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সৌজন্য সাক্ষাৎ শেষে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল (Oda Oline Omadal), ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে (Dag Qyulfvige), ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র অ্যাডভাইজর জন আইনার কোভাম (John Einar Kvam), স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর কিয়ালস্টেইন মেলহুস ভেনাস (Qystein Melhus Venas), ফাউন্ডেশনটির সিনিয়র অ্যাডভাইজর ও এশিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান (Christian Neumann), স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআর




Comments