বিস্কুটের প্যাকেট খুলতেই বের হলো গাঁজা, নারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটের ভেতরে অত্যন্ত অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোছা. আকলিমা (২২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন নারী আকলিমার গতিবিধি নজরে আনা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ‘লেক্সাস’ ব্র্যান্ডের বিস্কুটের প্যাকেটগুলো খুলে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোছা. আকলিমা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাশীরামপুর এলাকার বাসিন্দা এবং তাঁর স্বামীর নাম রাজেশ সিকদার।
এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আকলিমা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল থেকে সুকৌশলে মাদকদ্রব্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিস্কুটের প্যাকেট বা নানা রকম নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোড়ক ব্যবহার করে নারায়াণগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় এসআরবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআর




Comments