বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা ও শিক্ষার পথ সুগম করতে মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। কুমিল্লার মুরাদনগরে বিশেষ শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রতিভা’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসাসহায়তায় তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে বিদ্যালয়টিকে মুরাদনগর তথা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দেন ধর্মমন্ত্রী।
সোমবার (২ নভেম্বর) মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভার মধ্য দিয়ে বিদ্যালয়টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, ‘এই স্কুলটিকে এক নম্বর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তার সবই করা হবে।’
তিনি বলেন, বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। তাদের কারও কারও চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য নেই। এসব অসচ্ছল শিক্ষার্থীর চিকিৎসাসহায়তায় তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এ অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে থাকবে এবং বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে তা ব্যয় করা হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা বিকাশ, শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সাংবাদিক সমাজের সহযোগিতা ও ইতিবাচক প্রচারও প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক শারমিন ফাতেমা সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
২০২৪ সালে প্রতিষ্ঠিত ‘প্রতিভা’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়টি মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতাসম্পন্ন শিশুদের শিক্ষা, মানসিক বিকাশ ও পুনর্বাসনে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত থেরাপি, খেলাধুলা এবং তাদের সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। বিশেষ শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করা এবং ভবিষ্যতে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মতে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে ‘প্রতিভা’ বিদ্যালয়টি মুরাদনগরে একটি সম্ভাবনাময় উদ্যোগ। ধর্মমন্ত্রীর অনুদান ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং উপকৃত হবে অসংখ্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশু।
ডিআর




Comments