ওয়াসিম হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ
জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যাকাণ্ডে অভিযুক্ত এ কে এম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), উত্তর ও দক্ষিণ জেলা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা মেনে নেওয়া যায় না। শহীদ ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যেক অভিযুক্তকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ ওয়াসিমের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়। তাঁর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।
তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান সাইফুল আলম। এ সময় তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা আজ মিলেমিশে একাকার হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজপথে সজাগ থেকে ছাত্রদল এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ ও আরিফুর রহমান প্রমুখ।
এসএ




Comments