Image description

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭’ (সিজন-২) উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার)। খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেশব্যাপী এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বাগেরহাটের মোংলা উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা সংসদ মোংলা উপজেলার আহ্বায়ক মো. আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমবায় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবির, মো. সাইফুল শিকদার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি মো. আলামিন হোসেন।

সভায় জানানো হয়, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানটি মোংলার প্রতিটি গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। এ লক্ষ্যে মোংলা পোর্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও প্রচার-প্রচারণায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং গ্রামপর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় এবার আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে দ্বিতীয় আসর। এতে স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।

তাঁরা আরও বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী ও মেধাবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধনী আয়োজন উপভোগ করার আহ্বান জানানো হয়।

এসএ