খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান।
এ সময় গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিশু-কিশোরদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ক্ষুদে খেলোয়াড়রা।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় আসরে খুলনায় অনলাইনে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী নিবন্ধন করেছে। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং তাদের যথাযথ প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করতে চায় সরকার।
বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএ




Comments