প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে ইতিহাস, ঐতিহ্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এঁকে সাজানো হয়েছিল দেওয়ালগুলো। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেওয়ালে সাঁটানো হয়েছে কবিবিরোধী কয়েকটি পোস্টার।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেওয়ালে এ ঘটনা স্থানীয়দের নজরে আসে। বিষয়টি জানাজানি হওয়ার পর সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেওয়ালে ইতিহাস, ঐতিহ্য ও দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি আঁকা হয়। এর অংশ হিসেবে শিববাড়ী মোড়ের পাশের রেলস্টেশনের দেওয়ালেও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়। সেখানে আঁকা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও।
তবে শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়ালে সাঁটানো হয়েছে তাঁকে নিয়ে আপত্তিকর কয়েকটি পোস্টার।
এ ঘটনায় খুলনার সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের মতে, মুক্তচিন্তা, শিল্প-সংস্কৃতি ও বাঙালির ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে এ ধরনের আক্রমণ নিন্দনীয়।
স্থানীয়রা বলছেন, ঘটনার পেছনে রাজনৈতিক কিংবা অন্য কোনো উদ্দেশ্য থাকলেও সর্বজনশ্রদ্ধেয় একজন কবির প্রতিকৃতিকে এভাবে অবমাননা করা গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।
এনএ




Comments