কুমিল্লায় নিখোঁজের পর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম নামে ১৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—তুহিন, আনাস ও ফাহিম। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম। পরিবার সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
পরবর্তীতে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে নিখোঁজ অপ্রতীমের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। সেই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি পাহাড়ি টিলা থেকে অপ্রতীমের নিথর দেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর পুলিশ প্রথমে তুহিন নামের এক তরুণকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনাস ও ফাহিমকে আটক করা হয়।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া জানান, অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং আটককৃত ব্যক্তিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিআর




Comments