বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, একই স্থানে দিনে ৯ মৃত্যু
বগুড়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের সাথে থাকা এক শিশু (নাতি) গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়া শহরের আটাপাড়া এলাকার বাসিন্দা বাবুল হাসান (৫০) ও তাঁর স্ত্রী জেসমিন বিবি। নিহত বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বাবুল হাসান তাঁর স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলযোগে মিষ্টির প্যাকেট নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এরুলিয়া বিমানবন্দর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত জেসমিন বিবি ও তাঁর নাতিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, শুক্রবার সকালেও একই এলাকায় (এরুলিয়া) যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। একই স্থানে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট ৯ জনের প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments