জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে আটকে রেখে অমানুষিক নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত অবস্থায় মাইদুল (১৮) নামে অপর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
নিহত লাল বাদশা আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তারা দুজন পরস্পরের বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি মাঠের পাশে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে আহত অবস্থায় উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চিকিৎসাধীন মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাঁদের ডেকে নিয়ে একটি নির্জন বাড়িতে আটকে রাখে। সেখানে তাঁদের বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে দুজন অচেতন হয়ে পড়লে তাঁদের মাঠের পাশে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মাইদুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ




Comments