জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর ইউনিয়নের পদ্মপুকুর এলাকা থেকে বাদশা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবককে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বাদশাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে কয়েকজন স্থানীয় ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার সময় রাস্তার পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদশার মরদেহ উদ্ধার করে এবং আহত মাজেদুল ইসলামকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
আহত মাজেদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে কয়েকজন ব্যক্তি তাঁদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখেন। পরে রাতে মোটরসাইকেলে করে তাঁদের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার নয়জন ব্যক্তি তাঁদের মারধর করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে স্থানীয়দের ডাকাডাকিতে জ্ঞান ফেরার পর পাশে বাদশাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান মাজেদুল।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।
এসএ




Comments