Image description

নওগাঁর মান্দায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি শাহিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী। দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামি শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহিনের বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আইনের হাত থেকে বাঁচতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। র‍্যাব-৫ এর একটি চৌকস দল তার ওপর নিয়মিত নজরদারি চালিয়ে অবস্থান শনাক্ত করে এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তারে সক্ষম হয়।

এদিকে মূল আসামি শাহিন গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে। গ্রামবাসী ও স্থানীয়রা এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

ডিআর