Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামের ফানল্যান্ড পার্কে এ সভার আয়োজন করা হয়।

জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, ‘বিগত ১৭ বছর যারা রাজপথে থেকে হামলা-মামলা উপেক্ষা করে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, দলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা জামপুর ইউনিয়নকে সোনারগাঁয়ের মধ্যে একটি আধুনিক ও সেরা ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে জামপুর থেকে মাদক নির্মূল করতে হবে, কারণ মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়।’

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচনে দল যাকে সমর্থন করবে আমরা তার হয়ে কাজ করব। তবে কোনো ‘হাইব্রিড’ নেতাকে যদি সমর্থন দেওয়া হয়, তবে তৃণমূলের নেতাকর্মীরা তা মেনে নেবে না। তৃণমূলকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন করেছেন এবং মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লিটন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান শফিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু রহমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেন এবং জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ওমর ফারুক, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া এলি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, যুবদল নেতা আপেল মাহমুদ, সামির হোসেনসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ডিআর