Image description

নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দ্রুত বেলাবো থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নীলক্ষিয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক ওরফে উল্লাহ ও মোছা. খাদিজা বেগমের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়।

পুলিশ জানায়, ওই মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর মামলার প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এদিকে পিয়ালকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্দিষ্ট একটি মামলায় এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

ডিআর