Image description

মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর রুদ্র দাস (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুদ্র দাস ডাসার উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রুদ্র দাস। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার সকালে খিলগ্রামের ডাইয়ার বিলে কৃষিকাজ করতে যান স্থানীয় শ্রমিক আব্দুর রাজ্জাক। এ সময় তিনি পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি রুদ্র দাসের বলে শনাক্ত করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ