Image description

কুমিল্লার মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি নেতা আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার ভোরে বারেকের লোকজন রবি সরকারের অনুসারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে রবি সরকারের পক্ষের লোকজন পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষ ইট-পাথর নিক্ষেপ করে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নলচর গ্রামে রবিউল্লাহ রবি ও বারেক প্রধানের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ ইট-পাথর নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএ