Image description

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামের একটি ড্রাগন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বাগানে দেয়া অবৈধ বৈদ্যুতিক সংযোগ ও ফাঁদে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্বজনদের ধারণা।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর সে আর রাতে বাড়ি ফিরে আসেনি। শনিবার সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফল চুরি বা ক্ষতিকর প্রাণী রোধে ড্রাগন বাগানের চারপাশে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতা হয়েছিল। রাতের বেলা সে পথ দিয়ে যাওয়ার সময় ওই ফাঁদে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় জিহাদ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিআর