Image description

সিরাজগঞ্জ থেকে প্রায় ১০ দিন আগে নিখোঁজ হওয়া পথভোলা এক বৃদ্ধকে প্রশাসনের সহযোগিতায় সুস্থ অবস্থায় তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপে সোমবার (২ নভেম্বর) দুপুরে এই বৃদ্ধকে তাঁর দুই ছেলের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার বেলা ১২টায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃদ্ধ মো. আহসান আলীকে (৮০) তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া বৃদ্ধ মো. আহসান আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তাঁর পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনদের বাড়িসহ অনেক খোঁজাখুজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ফকিরহাট উপজেলা প্রশাসনের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে তাঁদের পিতা ফকিরহাটে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। খবর পেয়ে দুই ছেলে দ্রুত ফকিরহাটে ছুটে আসেন। বাবাকে কাছে পেয়ে দুই ভাই অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ফকিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, গত ৩১ অক্টোবর রাতে থানা পুলিশের সহযোগিতায় কাটাখালী এলাকা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছিল।

উদ্ধারকৃত বৃদ্ধকে তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং বৃদ্ধের দুই ছেলে মো. নজরুল ইসলাম ও মো. ইয়াছিল আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, ফকিরহাট উপজেলার কাটাখালী থেকে উদ্ধার হওয়া বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিআর