Image description

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এবার অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর ঘাট এলাকায় চলতি ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আনোয়ার হোসেন (পিতা: মৃত জয়নাল আবেদীন), গ্রাম: নূরালীপুর, মেন্দিপুর, খালিয়াজুরী, নেত্রকোনাকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা (দেড় লাখ) অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহিদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদুজ্জামান জানান, ধনু নদীতে অবৈধ বালু উত্তোলনসহ নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। নদী রক্ষায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, শুধু জরিমানা নয়, ধনু নদীকে অবৈধ দখল ও লুটপাটের হাত থেকে রক্ষা করতে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তাঁর নির্বাচনী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয়দের মতে, ধনু নদী শুধু একটি নদী নয়, এটি হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগের অন্যতম প্রধান অবলম্বন। এই নদীতে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর পরিবেশ, তীরবর্তী জনপদ ও হাওরের প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, ধনু নদীকে অবৈধ বালু উত্তোলন, দখল, চাঁদাবাজি ও নানা অনিয়মের হাত থেকে রক্ষায় প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত রাখতে হবে।

হাওরের প্রাণ ধনু নদী বাঁচুক, রক্ষা পাক মানুষের জীবন-জীবিকা—এমন প্রত্যাশা এখন খালিয়াজুরীর সর্বস্তরের মানুষের।

ডিআর