Image description

চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে নিয়ে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সব কটি আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ডিপি ওয়ার্ল্ড ইস্যুতে আন্দোলনকারীরা আজ সকাল থেকে আরও কঠোর অবস্থানে গিয়েছেন। বন্দরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে তারা ট্রাফিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা দিচ্ছেন। ফলে বন্দর জেটিতে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে সরবরাহ এবং জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, এনসিটি টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে গত শনিবার থেকে শ্রমিকরা টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। তবে দাবি আদায় না হওয়ায় পরবর্তীতে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। বর্তমানে এই টার্মিনালটি পরিচালনা করছে সিডিডিএল। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সিডিডিএল-এর পরিচালককে এক বা দুইজন শ্রমিক প্রতিনিধি পাঠাতেও অনুরোধ করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের ইস্যু করা চিঠি অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চট্টগ্রাম নৌ অঞ্চল, কোস্ট গার্ড এবং নেভি ইন্টেলিজেন্সের পদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গত রাতেই জানিয়েছিলেন, তিনি আজ বন্দর সফর করবেন এবং আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

মানবকণ্ঠ/ডিআর