আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা রাজধানীর কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ টুঙ্গিপাড়ায় নেওয়া হলে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গান স্যালুট’ প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে দ্বিতীয় জানাজা শেষে শেখ বাড়ির কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, শেখ কবির হোসেনের ভাই শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ রকিব হোসেন, মরহুমের ছেলে শেখ অনিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যক্তিজীবনে শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন চাচাতো ভাই শেখ কবির হোসেন কর্মজীবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments