Image description

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি ট্রেন থেকে ৫৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট রেলওয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদারকিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে কর্ণফুলী কমিউটার ট্রেনের মালবাহী বগির ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১৮টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে মোট ১ হাজার ৮০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ টাকা।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় শাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই চোরাচালানের সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর