Image description

বগুড়ার শাজাহানপুরে একটি মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলামকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এই দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলার তদন্ত কাজ শেষে মোটরসাইকেলযোগে কৈইগাড়ী পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন এসআই মইনুল ইসলাম। পথে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এসময় হামলাকারীরা তাঁর কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসআই মইনুল বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান পায়ের হাঁটুর নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তিনি সড়কের পাশে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় একজন অটোরিকশা চালক তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাজাহানপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। মামলার নথিপত্র ছিনতাইয়ের উদ্দেশ্য নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

পাবলিক প্লেসে একজন পুলিশ কর্মকর্তার ওপর এমন হামলার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর