নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু খানম (১২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেতু স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আহত মিতু একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা ওই এলাকার হাফিজার মোল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পড়াশোনা ও খাওয়া-দাওয়া শেষ করে দুই বোন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে পাথরবোঝাই একটি ট্রাক নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ওই ঘরের ওপর উল্টে পড়ে। এতে ট্রাক ও পাথরের নিচে দুই বোন চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় বোন শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments