Image description

চাঁদপুরের কচুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভাতিজিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন পাটোয়ারি নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (১২ জুলাই) বিকেলে ভুক্তভোগী পরিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাতে উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন পাটোয়ারি তার ভাতিজিকে ধর্ষণ করার সময় বাড়ির লোকজন টের পেলে তিনি দ্রুত টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। পরে বাড়ির লোকজন তাকে টয়লেট থেকে বের করে আনেন।

সে সময় সুমন পাটোয়ারি ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তাকে তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারির জিম্মায় ছেড়ে দেন। তবে এরপর থেকে অভিযুক্ত সুমন ও তার চাচা রফিকুল ইসলাম গা-ঢাকা দেন। অভিযোগ উঠেছে, তারা আত্মগোপনে থেকে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন।

কয়েকদিন অপেক্ষার পর কোনো সমাধান না পেয়ে অবশেষে থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সুমন পাটোয়ারি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, "সুমন পাটোয়ারির বিরুদ্ধে ধর্ষণের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

মানবকণ্ঠ/ডিআর