Image description

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের মালামাল, নগদ অর্থ ও আসবাবপত্রসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। বাজারের অধিকাংশ দোকান টিন ও দাহ্য উপকরণ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে পাথরঘাটা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাজারের প্রায় ৫০টি দোকান ও কয়েকটি বসতঘর ভস্মীভূত হয়ে যায়। আগুনে সব হারিয়ে অনেক ব্যবসায়ী এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদর থেকে রায়হানপুর ও কাকচিড়া ইউনিয়নের দূরত্ব বেশি হওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ভবিষ্যতে এমন বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে রায়হানপুর বা কাকচিড়া এলাকায় একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, "ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।"

মানবকণ্ঠ/ডিআর