Image description

নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় নগরীর পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এই দিনটি শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপন করেন স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এরপর পর্যায়ক্রমে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশেষ আবেগঘন মুহূর্তে শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহিদ পরিবার ও আহত ব্যক্তিবর্গ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, “সরকার ও বিরোধী দল মিলে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।”

এর আগে ভোরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী এবং জুলাই বিপ্লবের বীর যোদ্ধারা পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। দিনটি উপলক্ষে রংপুরের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর