ভূরুঙ্গামারীতে রবীন্দ্রনাথ, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘রবীন্দ্রনাথ, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্র’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই চর্চা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমুল হক, কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক ও কিংবদন্তি ভাওয়াইয়া শিল্পী মরহুম নুরুল ইসলাম জাহিদের সন্তান আহসান হাবিব সজীব, দেশবরেণ্য ভাওয়াইয়া শিল্পী মরহুম কছিম উদ্দিনের ছেলে গোলজার হোসেন এবং জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জসিম উদ্দিন। এছাড়াও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ জাসাস নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তারা সরকারের এই সাংস্কৃতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এই চর্চা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যের পাশাপাশি কুড়িগ্রামের প্রাণের সুর ভাওয়াইয়া সংগীতকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। একইসঙ্গে শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষ সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments