কসবায় পাচারের সময় ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। উদ্ধারকৃত কচ্ছপগুলো বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালদানদী বিওপির একটি টহল দল সীমান্তবর্তী শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চারটি বড় ‘পেপসেল টারটেল’ এবং ৬১টি ছোট ‘সন্দি কাসিম’সহ মোট ৬৫টি কচ্ছপ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, বন বিভাগের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।
কচ্ছপ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং বন্যপ্রাণী পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments