কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় তাঁরা প্রকল্পভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স’ (ERRD-CHT, UNDP) প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণে এই সফর অনুষ্ঠিত হয়।
ইউএনডিপির ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ও প্রজেক্ট ম্যানেজার য়ুগেশ প্রধানাং-এর (Yugesh Pradhanang) নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলটি সফরের শুরুতে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় স্থানীয় পানি সরবরাহ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রকল্পের বর্তমান অগ্রগতি ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়া এলাকায় স্থানীয় সম্প্রদায় ও বন্যপ্রাণী রেসকিউ টিমের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। আলোচনায় স্থানীয় বাসিন্দারা প্রকল্পের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়নে কীভাবে উপকৃত হচ্ছেন, তা তুলে ধরেন।
প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ডিএস (DS), রাঙ্গামাটি জেলা পরিষদের সিনিয়র প্রজেক্ট অফিসার আব্দুল হাকিম, ইউএনডিপির সদস্য থুইসাই মারমাসহ স্থানীয় ব্যাঙছড়ি মারমা পাড়া ও চিৎমরম এলাকার ৩০-৩৫ জন প্রতিনিধি।
নির্ধারিত পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কাপ্তাইয়ের ‘নিসর্গ রিভার ভ্যালি’তে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন এবং দুপুর ২টার দিকে সড়কপথে বান্দরবানের উদ্দেশ্যে কাপ্তাই ত্যাগ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments