পটুয়াখালীতে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুটি তার ছোট ভাইয়ের সঙ্গে বাড়িতে অবস্থান করছিল। তার মা জরুরি কাজে এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
ভুক্তভোগী পরিবার জানায়, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। তবে স্থানীয়ভাবে সঠিক বিচার না পেয়ে শেষ পর্যন্ত বুধবার শিশুটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments