Image description

পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো, তার পদত্যাগ করা প্রয়োজন। তিনি পদত্যাগ করবেন না, হয়তো সরকারই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপি সরকার দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু পাঁচ মাসেও তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের সক্ষমতা রাখে না, তারা দেশ কীভাবে পরিবর্তন করবে?

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন ছিল এবং দুর্নীতিরও অভিযোগ রয়েছে। তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। তিনি অভিযোগ করেন, অতীতের মতো এবারও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা হলে জনগণের আস্থা আরও কমে যাবে।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতারা।

এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।