Image description

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও নকলে সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযুক্ত পাঁচ পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির। এসময় রানিখার এমদাদুল বাড়ি আলিম মাদরাসার শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ (MCQ) উত্তরের একটি কাগজ (নকল) পাওয়া যায়। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় যে, তিনি ওই কেন্দ্রের পাঁচজন পরীক্ষার্থীকে নকল করতে সরাসরি সহযোগিতা করছিলেন।

এ ঘটনায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযুক্ত পাঁচ পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের পাশাপাশি চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা থেকেও বহিষ্কার করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, ‘পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন কিংবা শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’

মানবকণ্ঠ/ডিআর