নরসিংদীর মনোহরদীতে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাছিটান বা রশিটান খেলার এক বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের খোটমোড়া উত্তর পাড়া মৌলভীবাড়ি যুব সংঘের উদ্যোগে স্থানীয় মৌলভীবাড়ি মোড় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কাছিটান দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলোয়াড়দের শারীরিক শক্তি ও কৌশলের এই লড়াই উপভোগ করে আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা।
মনোহরদী ডায়াবেটিস হাসপাতালের এমডি সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ্ মাস্টার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আর টি মামুন আহমেদ।
খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোতাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির মোল্লা, প্রাইম ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র অফিসার তানভীর আহমেদ মানিক, যুবদল নেতা কাওসার আহমেদ ফোরকান, আবুল কালাম, মাসুম প্রধান এবং সাংবাদিক মো. মোবারক হোসেন ও নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে খোটমোড়া বনাম খোটমোড়া কোনাপাড়া দল। তুমুল লড়াই শেষে কোনাপাড়াকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খোটমোড়া।
খেলা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলকে একটি বড় খাসি এবং রানার্সআপ দলকে একটি ছোট খাসি উপহার দেওয়া হয়। পুরো খেলাটি সফলভাবে পরিচালনা করেন কামাল হোসেন ও কে এম সালমান।
মানবকণ্ঠ/ডিআর




Comments