Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগ আয়োজিত ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রুয়েট ডিবেটিং ক্লাব।

রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, দেশের ১৬টি অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয় ও অনার্স সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। আঞ্চলিক পর্ব শেষে জাতীয় পর্বে জায়গা করে নেয় ৩২টি দল। চারটি ট্যাব রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে সেরা দুটি দল ফাইনালে মুখোমুখি হয়।

ফাইনালের বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ, বিরোধী রাজনৈতিক জোট হিসেবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেয়ে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর গণআন্দোলন গড়ে তোলাকে অগ্রাধিকার দেবে।”

ফাইনালে বিরোধী দল মোশনের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। বিচারকদের রায়ে মোশনটি গৃহীত হয়নি এবং রুয়েট ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর সাবেক চিফ প্রসিকিউটর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী  অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ডিবেটই এক ধরনের যুদ্ধ। তোমরা ভবিষ্যতে সংসদে গেলে সেই সংসদ আরও সমৃদ্ধ হবে এবং দেশ দক্ষ ও বুদ্ধিদীপ্ত সংসদ সদস্য পাবে।”

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, “আমরা প্রতি বছর হাজার হাজার বিতর্কের আয়োজন করি। সেই ধারাবাহিকতায় আজকের এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।”

তিনি বলেন, বিতর্কে সফল হতে নিয়মিত পড়াশোনার বিকল্প নেই। একজন বিতার্কিকের জ্ঞান, তথ্যসমৃদ্ধ উপস্থাপন ও বিশ্লেষণী দক্ষতাই তার সবচেয়ে বড় শক্তি। সংবাদপত্র ও গণমাধ্যম বিতার্কিকদের নিজেকে সমসাময়িক বিষয়ে সমৃদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ বিতার্কিকরা যুক্তি, বিশ্লেষণ ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি, ক্রেস্ট, সনদ এবং নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।