লৌহজংয়ে ভিমরুলের কামড়ে আহত শিশুর দীর্ঘ লড়াই শেষে মৃত্যু
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভিমরুলের কামড়ে গুরুতর আহত হওয়ার দীর্ঘ এক মাস সাত দিন পর মো. আয়াত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আয়াত লৌহজং উপজেলার মাইজগাঁও গ্রামের মো. সাদেক শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ জুলাই বাড়ির পাশে স্থানীয় মসজিদের সামনে আরও দুই শিশুর সাথে খেলাধুলা করছিল আয়াত। এ সময় একঝাঁক ভিমরুল হঠাৎ তাদের ওপর আক্রমণ করে। এতে তিন শিশুই আহত হলেও আয়াতের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। ভিমরুলের বিষক্রিয়ায় সে দ্রুত অসুস্থ হয়ে পড়ে।
আয়াতের স্বজনরা জানান, প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ এক মাস সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
একমাত্র শিশুসন্তানকে হারিয়ে পরিবারের সদস্যদের মাঝে এখন শোকের মাতম চলছে। আয়াতের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে ঝোপঝাড় বা গাছের ডালে ভিমরুলের উপদ্রব বেড়ে যায়। এ সময় ভিমরুলের চাকের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মানবকণ্ঠ/ডিআর




Comments