Image description

গাজীপুর মহানগরীর পূবাইলে আড়াই বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রেজাউল (৩৭) নামের এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন কুদাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রেজাউল গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোশ্বাবর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি পূবাইলের কুদাব এলাকায় বোরহান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মে সকাল ১০টার দিকে পূবাইলের কুদাব এলাকায় বোরহান উদ্দিনের বাড়িতে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ওই বাড়ির ভাড়াটিয়া মো. মারুফ হোসেনের আড়াই বছরের শিশুকন্যাকে একই বাড়ির অন্য কক্ষের ভাড়াটিয়া রেজাউল তার শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পূবাইল থানার এসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি রেজাউলকে গ্রেপ্তার করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রেজাউল শিশুটিকে নির্যাতনের চেষ্টার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে এসআই মেহেদী হাসান মানবকণ্ঠকে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

ডিআর