Image description

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। বরাবরের মতো এবারও ফলাফলে এগিয়ে রয়েছে ছাত্রীরা। পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই ছেলেদের চেয়ে ভালো ফল করেছে মেয়েরা।

তবে সামগ্রিক ফলাফলে হতাশার মধ্যেও সাফল্যের আলো ছড়িয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। অর্থাৎ প্রতিষ্ঠানগুলোতে পাসের হার শূন্য শতাংশ।

বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, শতভাগ পাসের গৌরব অর্জনকারী ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ময়মনসিংহ সদরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, আইডিয়াল মডেল একাডেমি এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল।

এ ছাড়া ফুলবাড়ীয়ার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি, ভালুকার নলুয়াকুড়ি কুমারী মারিয়া উচ্চ বিদ্যালয়, জামালপুরের ইসলামপুরের উত্তর গোয়ালের চর আইডিয়াল হাই স্কুল, সরিষাবাড়ীর চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং নেত্রকোনার কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠও শতভাগ পাসের তালিকায় রয়েছে।

এসব প্রতিষ্ঠানের সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

অন্যদিকে শূন্য পাসের তালিকায় থাকা চারটি প্রতিষ্ঠানে দেখা দিয়েছে হতাশা। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জামালপুরের সরিষাবাড়ীর চাপার কোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছার মুক্তাগাছা কলেজ, ফুলবাড়ীয়ার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামালপুরের ইসলামপুরের কদমতলী কারীপাড়া উচ্চ বিদ্যালয়।

একই শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানের ফলাফলে এমন আকাশ-পাতাল ব্যবধান নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কোনো শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান এবং প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

সচেতন মহলের মতে, যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে সমস্যার কারণ চিহ্নিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এসএ