Image description

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর সে নিজ কক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম আহমেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও তার ছিল।

কারিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক ও স্থানীয়রা শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো শিক্ষার্থী ফলাফল বা অন্য কোনো কারণে মানসিকভাবে ভেঙে পড়লে তার পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো পক্ষ বাদী না হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এসএ