Image description

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ির উঠানে আমগাছে উঠে দীর্ঘ সময় আটকা পড়া বৃষ্টি বেগম (২০) নামের এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা (মাঝিপাড়া) গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিলহানির স্ত্রী বৃষ্টি বেগমকে ‘জ্বিনে ধরেছে’—এমন ধারণা থেকে তিনি হঠাৎ করেই বাড়ির আঙিনায় থাকা একটি আমগাছে উঠে পড়েন। দীর্ঘ সময় চেষ্টা করেও এলাকাবাসী তাকে নিচে নামাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় রাত ৮টার দিকে তারা ওই তরুণীকে অচেতন অবস্থায় নিরাপদে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন। উদ্ধারের পর তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধারকারী দলের ফায়ার ফাইটাররা জানান, খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিশেষ কৌশলে অচেতন অবস্থায় ওই নারীকে গাছ থেকে নিচে নামিয়ে আনেন।

তবে ‘জ্বিনে ধরার’ দাবির বিষয়ে কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি ও পরিস্থিতির প্রেক্ষাপটে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, “এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি, ওই তরুণীটি জ্বিনে ধরার কারণে আমগাছে উঠেছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেছেন।”

ডিআর