Image description

ময়মনসিংহ মহানগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত মো. রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল যুবক হঠাৎ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। জীবন বাঁচাতে রাব্বী দৌড়ে নিজের দোকানের ভেতর আশ্রয় নিলেও রক্ষা পাননি। হামলাকারীরা দোকানে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা হোসেন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার ভাতিজা সকালে দোকান খোলার পর একদল যুবক প্রকাশ্যে তাকে কুপিয়েছে। শত শত মানুষ দাঁড়িয়ে দেখল, কিন্তু কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। এখন ভয়ে কেউ মুখ খুলছে না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।"

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে সাব্বির ও তাঁর ভাই সরাসরি জড়িত।

ওসি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডিআর