Image description

নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনের সময় হঠাৎ ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশের কার্যক্রমে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে ডিউটি অফিসার হিসেবে থানার কক্ষে দায়িত্ব পালন করছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন। হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা ধসে তার ওপর ও টেবিলের ওপর পড়ে। এতে তিনি কাঁধে আঘাত পান। পরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, ‘ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় হঠাৎ কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে আমার কাঁধে জোরে আঘাত লাগে। পাশাপাশি থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। দ্রুত থানার কক্ষটি মেরামতের পদক্ষেপ নেওয়া হবে।’

এসএ