Image description

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল পৌণে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—রাজধানীর ধানমন্ডি এলাকার মো. আলমগীরের ছেলে সুরিদ শাহরিয়ার (২৭) ও একই এলাকার শহিদউদ্দিনের ছেলে সাকিব শাহরিয়ার (২৭)। তারা ধানমন্ডি সায়েন্সল্যাব এলাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাওয়ামুখী লেনের ষোলঘর যাত্রীছাউনীর সামনে পৌঁছালে দ্রুতগতির প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ- ১১৩৮৪৩) হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং সড়কদ্বীপের (আইল্যান্ড) সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা দুই যুবক আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিডার মো. সুহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিআর