Image description

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো অংশে এই বিক্ষোভ শুরু হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও কর্মস্থলগামী সাধারণ মানুষ।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত চার মাস ধরে তারা কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। প্রতিষ্ঠানটি বারবার আশ্বাস দিলেও বকেয়া পরিশোধ করছে না। এছাড়া শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা। তারা শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। আমাদের টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

ডিআর