সালথায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার দাঁত ভেঙ্গে দেওয়ার অভিযোগ
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করার জেরে মো. শাহ আলম মাতুব্বর (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার ওপর বর্বরোচিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় ওই বিএনপি নেতার একটি দাঁত ভেঙে পড়ে গেছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
হামলার শিকার বিএনপি নেতা শাহ আলম মাতুব্বর জানান, গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেপ্তার করে। ফরিদ মোল্যার সমর্থকদের ধারণা, এই গ্রেপ্তারের পেছনে শাহ আলমের ইন্ধন রয়েছে। এই সন্দেহের জেরে শুক্রবার সন্ধ্যায় তিনি মাঝারদিয়া বাজারে গেলে আওয়ামী লীগ নেতার সমর্থকরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর একটি দাঁত উপড়ে যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় থানায় দ্রুত মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ডিআর




Comments