টঙ্গীতে রাস্তা প্রশস্তকরণে স্থাপনা উচ্ছেদ, পরিবেশ দূষণে মশলার কারখানা বন্ধ
গাজীপুরের টঙ্গীতে রাস্তা প্রশস্তকরণ ও পরিবেশ দূষণবিরোধী অভিযান চালিয়েছে গাজীপুর সিটি করপোরেশনের মোবাইল কোর্ট। অভিযানে রাস্তা প্রশস্তকরণের কাজে বাধা সৃষ্টি করায় কয়েকটি স্থাপনার অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জনবসতিপূর্ণ এলাকায় মশলার কারখানা পরিচালনা ও পরিবেশ দূষণের অভিযোগে একটি মশলার কারখানা বন্ধ করে মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল হক ও টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফি আহমেদ, স্থানীয় নেতৃবৃন্দ, টঙ্গী পূর্ব থানা পুলিশের সদস্য এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
অভিযানকালে টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের হালিমা ইসলামি রোডের অসম্পূর্ণ সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে কয়েকটি বাড়ির সামনের দেয়ালের অংশবিশেষ ভেঙে দেওয়া হয়। একই ওয়ার্ডের রিয়া গার্মেন্টস এলাকায় সড়ক প্রশস্তকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি বাড়ির সীমানাপ্রাচীরের কিছু অংশও অপসারণ করা হয়।
পরে বনমালা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একটি মশলার কারখানা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হলুদ, মরিচসহ বিভিন্ন ধরনের মশলা উৎপাদন করা হচ্ছিল। এতে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। অভিযানে কারখানাটি বন্ধ করে সেখানে থাকা মালামাল জব্দ করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল হক বলেন, “রাস্তা দুটির টেন্ডার দীর্ঘদিন আগে হলেও বিভিন্ন সমস্যা ও বাধার কারণে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। জনদুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায় সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, রাস্তা প্রশস্তকরণ ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে অপসারণ করে সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএ




Comments